গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছর বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। মামলার এজাহার দায়েরের তিন ঘণ্টার মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামে জনৈক আনসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনন্দ বাবু বাদল (২৪) এ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তার প্রথম স্ত্রী আইনুর নাহার আঁখি ও পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলের মরদেহ উদ্ধার করা হয়।প্রায় ১৬-১৭ বছর আগে আঁখির সঙ্গে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। পরবর্তীতে আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেলস্টেশনে কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে দ্বিতীয় বিয়ে করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুর রাজ্জাক তার প্রথম স্ত্রী আঁখিকে তিন সন্তানসহ বামনডাঙ্গায় ভাড়া বাসায় থাকতে পাঠান। পরে আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তার সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আঁখি ও তার শিশুপুত্র আদিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। সন্ধ্যায় তাদের বড় মেয়ে বাড়িতে ফিরে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় নিহত আঁখির বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৯ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে রুজু হয়। মামলা নম্বর ২৭।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-২ নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধার মা-ছেলে হত্যাকাণ্ড প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছর বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।